২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ-জনগণ সম্পৃক্ত হওয়ার কমিটি বসছে ১০ বছর পর

প্রায় ১০ বছর পর বৈঠকে বসছে সংসদের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য গঠিত জাতীয় সংসদের পিটিশন কমিটি।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই কমিটির বৈঠক হবে।

সংসদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের উপায় থাকলেও গত ২২ বছর ধরে এই বিধান প্রায় অকার্যকর। পঞ্চম সংসদ থেকে এখন পর্যন্ত ১৪৯টি পিটিশন জমা পড়লেও গ্রহণ করা হয়েছে মাত্র একটি।

সংসদ সচিবালয়ের পিটিশন কমিটি শাখার তথ্য অনুযায়ী, গত নবম জাতীয় সংসদে ১২টি পিটিশন জমা পড়লেও সেগুলো নিয়ে কোনো বৈঠক হয়নি।

এর আগে চতুর্থ সংসদ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং সংসদের অনিষ্পন্ন কাজ সম্পর্কিত বিষয়ে পিটিশন জমা দেওয়ার বিধান ছিল না।

পঞ্চম সংসদ থেকে এ পর্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে ১৪৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে গৃহীত হয়েছে ২০টি। গৃহীত আবেদনের মধ্যে পঞ্চম সংসদে ১৭টি,সপ্তম সংসদে দুটি এবং অষ্টম সংসদের একটি।

সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যের আইনসভা থেকে পিটিশন কমিটির ধারণা এসেছে। সে দেশের আইনসভায় প্রথাগতভাবে কোনো সমস্যার সমাধান চেয়ে আবেদন বা পিটিশন জমা দেওয়ার রেওয়াজ রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার জন্যই পিটিশনের বিধান রাখা হয়েছে। কমিটি কার্যকর থাকলে জনগণ আইন প্রণয়নেও সরাসরি অংশ নিতে পারত।”

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকারকে সভাপতি করে সর্বোচ্চ ১০ সদস্য নিয়ে পিটিশন কমিটি গঠিত হয়। কোনো মন্ত্রী এ কমিটির সদস্য হতে পারেন না।

সংসদে উত্থাপিত বিল অথবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান চেয়ে যে কোনো নাগরিক পিটিশন কমিটিতে আবেদন করতে পারেন। আবেদনে একজন সংসদ সদস্যের প্রতিস্বাক্ষর থাকতে হয়।

এরপর প্রতিস্বাক্ষরকারী সংসদ সদস্য পিটিশনটি সংসদ সচিবের কাছে জমা দেবেন। সচিব তা সংসদের গোচরে আনবেন। কোনো সংসদ সদস্য নিজের পক্ষ থেকে পিটিশন দাখিল করতে পারবেন না।

বিধিতে আরও বলা আছে, স্পিকার বিধিসম্মতভাবে কমিটিতে জমা পড়া আবেদনের বিষয়বস্তু সম্পর্কে সংসদকে জানাবেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেবেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, কমিটির মাধ্যমে জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিকার পাওয়ার নজির রয়েছে মাত্র একটি। তা ১০ বছর আগে।

২০০৫ সালে এই কমিটির সুপারিশের ভিত্তিতে সাতক্ষীরা টিভি সম্প্রচার কেন্দ্রের মাঝখানের রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এর আগে বিকল্প চলাচলের ব্যবস্থা না করেই রাস্তাটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

আবেদনটি দাখিল করেছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি আবুল হোসেন। প্রতিস্বাক্ষর করেছিলেন তৎকালীন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

কমিটির বৈঠক প্রসঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির কাছে কোনও পিটিশন নেই। তবে আমরা চাই সকল সংসদীয় কমিটি বিধি অনুযায়ী দায়িত্ব পালন করুক এবং কার্যকর হোক। প্রথম বৈঠকে আমরা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করব।”

দীর্ঘদিন পরে পিটিশন কমিটির বৈঠক প্রসঙ্গে নিজাম উদ্দীন আহমেদ বলেন, “অনেকদিন পরে হলেও বৈঠক বসছে। এটা আশার খবর। পিটিশন কমিটি কার্যকর হলে জনগণ সরাসরি সংসদের সঙ্গে যুক্ত হতে পারে।”