চট্টগ্রামে আ. লীগ নেতাকে গ্রেপ্তারের পর সাড়ে ৮ ঘণ্টা সড়ক অবরোধ
চট্টগ্রামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সাড়ে আট ঘণ্টা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রেখেছে তার সমর্থকরা।
বুধবার বিকালে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।
গত ৩ মে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে ইট-বালু সরবরাহকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
ওই ঘটনায় করা মামলায় পটিয়া থানা পুলিশ দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মেম্বারকে গ্রেপ্তার করে।
এরপর জাহাঙ্গীর সমর্থকরা বিকাল সাড়ে ৩টায় সড়কে অবস্থান নেয়। পরে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে রাত ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যায় বলে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান।
অবরোধে সাড়ে ৮ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। শাহ আমানত ব্রিজে যান চলাচল বন্ধ থাকায় কালুরঘাট সেতু দিয়ে গাড়ি চলাচল করায় সেদিকেও যানজটের সৃষ্টি হয়।
এরপর উভয় পক্ষ পটিয়া ও কর্ণফুলী থানায় দুটি মামলা করে।
কর্ণফুলী থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর কর্ণফুলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
“জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করার প্রতিবাদে স্থানীয় লোকজন ও কর্ণফুলী থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেছে।”
