ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার দাবি তিন সংগঠনের
ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) ও গ্রিনভয়েস।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এমন দাবি জানায় তারা।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, দেশের চারদিকে চারটি প্লেটের যেকোনো একটি ভয়াবহ বিপদের সূত্রপাত করতে পারে।
বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন বলেন, ঢাকাসহ সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেখানে একটি করে ‘এ ভবনটি ঝুঁকিপূর্ণ’ শীর্ষক সাইনবোর্ড লাগাতে হবে। মানব দুর্ঘটনা ঠেকাতে এটা এখন সময়ের দাবি।
তিনি বলেন, ঝুঁকিমুক্ত ভবন চিহ্নিত করার জন্য রাজউক কিছুটা কাজ করছে। কিন্তু তাদের পরিকল্পনা ও কাজে ত্রুটির তথ্য জানা যাচ্ছে। অভিযোগ রয়েছে, বাড়িগুলোর মূল্যায়ন সঠিক ও দুর্নীতিমুক্ত হচ্ছে না।
নেপালের সমান ভূমিকম্প যদি ঢাকায় হয় তবে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার এবং খবর সংগ্রহের জন্য একজন সাংবাদিকও পাওয়া যাবে না বলে বক্তারা অভিমত দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, নির্বাহী সদস্য রুহিন হোসেন, নাগরিক উদ্যোগের আনিসুজ্জামানসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।
