২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভ্রম রক্ষায় চলন্ত বাস থেকে লাফ  

ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস থেকে লাফিয়ে পড়ে চালক ও সহযোগীদের যৌন নিপীড়ণ থেকে নিজেকে রক্ষা করেছেন বলে জানিয়েছেন এক তরুণী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বুধবার দুপুরে ময়মনসিংহ সদরের কাজির শিমলায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা মেয়েটিকে (২৮) উদ্ধার এবং চালকসহ বাসটিকে আটক করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, শেরপুরগামী ওই বাসে করে মেয়েটি ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ জেলা শহরের শহীদী মসজিদ এলাকায় তার বাড়ি যাচ্ছিলেন। ঢাকায় তিনি গৃহকর্মীর কাজ করেন।

তার বরাত দিয়ে ওসি জানান, ঘটনার কিছু সময় আগে পিছনের স্টপেজে বাসের সব যাত্রী নেমে যায়। কিন্তু মেয়েটি বসে থাকেন পড়ের স্টপেজে নামার জন্য, যেখান থেকে তার কিশোরগঞ্জের গাড়ি ধরার কথা।

বেলা আড়াইটার দিকে কাজির শিমলা পৌঁছলে বাসের চালক নুরুদ্দিন ও দুই সহকারী এনামুল হক ও রুবেল মিয়া তার সম্ভ্রমহানির চেষ্টা করলে তিনি লাফিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এদিকে চালক বাস নিয়ে  শহরের চুরখাই বাসস্টপে গিয়ে থামে এবং হোটেলে ঢোকে খাবার খেতে।

তখন পিছন থেকে ধাওয়া করে আসা লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, চালক নূরুদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই ঘটনায় মেয়েটি বাদী হয়ে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় বাসের চালক ও দুই সহকারীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে আপাতত থানায় নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মামলার অপর দুই আসামি এনামুল হক ও রুবেল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।