২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যের ৯ কোটি বই ছাপবে সরকার

আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভোকেশনাল স্তরে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 07:54 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বুধবার বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিনামূল্যে পাঠ্যপুস্তক তৈরির জন্য ১৪ হাজার ৫০০ টন মুদ্রণ কাগজ এবং এক হাজার ২০০ টন কার্টিজ কাগজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এবার ১২০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৯ কোটি ৫ লাখ ৩১ হাজার ৮৬৫টি পাঠ্যপুস্তক মুদ্রণ হবে। ১৩০টি লটে এ বই সরবরাহ করা হবে।”
এর মধ্যে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ও এইচএসসি ভোকেশনাল স্তরের পাঠ্যপুস্তক তৈরিতে ১৪ হাজার ৫০০ টন মুদ্রণ কাগজ এবং এক হাজার ২০০ টন কার্টিজ কাগজ ক্রয়ে ব্যয় হবে ১০০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।

১৭টি লটে এ কাগজ সরবরাহ করবে টি কে কেমিক্যাল ও এমএএফ নিউজ পেপার।

এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তির আওতায় ঢাকা-টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে ডিটেইলড ডিজাইন ও নির্মাণ কাজ সুপারভিশনে পরামর্শক প্রতিষ্ঠান  নিয়োগের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, এ জন্য ব্যয় হবে ৩০ কোটি ৫০ লাখ টাকা।

যৌথভাবে এ কাজটি পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ‘আর্ভি অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টস এবং ‘আয়েশা ইঞ্জিনিরিয়ার’।

এর বাইরে ‘বাংলাগভ.নেট’ প্রকল্পের আওতায় টার্ন-কি ভিত্তিতে অতিরিক্ত সাপ্লাই, ইন্সটলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব পাবলিক নেটওয়ার্ক টু কানেক্ট গভর্নমেন্ট এন্টিটিজ অ্যান্ড প্রোভাইড অ্যাপ্লিকেশন সার্ভিস কাজের চুক্তি সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সভায়।

৮ কোটি টাকা বেড়ে এ কাজে মোট ব্যয় দাঁড়াবে ২২৯ কোটি টাকা।

টার্ন-কি একটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন করে তা বুঝিয়ে দেওয়া।

সভায় জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ত্রিশালের রায়মনি থেকে ময়মনসিংহ পর্যন্ত ২৭ দশমিক ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভেরিয়েশন অর্ডার-১ অনুমোদন দেওয়া হয়েছে।

এ কাজে ৪ কোটি টাকা ব্যয় কমে মোট ব্যয় দাঁড়াবে ২৬২ কোটি টাকা।

মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বাতিশা বাজার থেকে মহিপাল বাজার পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণ চুক্তির ভেরিয়েশন অর্ডার -১ অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের সভায়।

এ কাজে ১১ কোটি টাকা ব্যয় কমে মোট ব্যয় দাঁড়াবে ১৩৯ কোটি ৭৮ লাখ টাকা।

এছাড়া ‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট-এর সহায়তায় ‘তৃতীয় কর্ণফুলী সেতুর প্রথম অংশ (শাহ আমানত সেতু) নির্মাণে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির অব্যয়িত তহবিল দ্বারা দ্বিতীয় অংশ নির্মাণ কাজের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে ৮ কোটি ৩১ লাখ ব্যয় বাড়ছে এবং মোট ব্যয় দাঁড়াবে ২৬ কোটি ৭০ লাখ টাকা।

সভা শেষে জানানো হয়, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পে’র (স্থানীয় সরকার অংশ) ডিজাইন ও নির্মাণ কাজের সুপারভিশনসহ অন্যান্য সংশ্লিষ্ট সেবা দিতে জাপান ভিত্তিক প্রতিষ্ঠান আইসি নেট লিমিটেডকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।

এর সহযোগী হিসেবে আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। এ কাজে ব্যয় হবে ৩৬ কোটি ২২ লাখ টাকা।