২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনের দ্বন্দ্বে আদাবরে হামলায় আহত ৬

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর আদাবরে এক পক্ষের হামলায় প্রতিপক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 12:48 AM

Updated : 22 Aug 2022, 12:16 PM

মঙ্গলবার বিকালে হামলায় আহত সবাই  ৩০ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসেম হাসুর সমর্থক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

আওয়ামী লীগ সমর্থিত পরাজিত কাউন্সিলর প্রার্থী আরিফুর রহমান তুহিনের সমর্থকদের হামরায় তারা আহত হন বলে পুলিশ ও আহতদের স্বজনরা জানিয়েছেন।

আহতদের মধ্যে মো. শহীদ (২৫) ও সায়মন (২৬) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

মহানগর পুরিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা যেই হোক তাদের ছাড় দেওয়া হচ্ছে না।

“এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যা প্রয়োজন পুলিশ  তাই করবে, কারো পক্ষ নিবে না।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিন সোমবার রাতে আদাবরের শেখেরটেক ১০ নম্বর রোডে হাসুর সমর্থকদের হামলায় তুহিন সমর্থক দুজন আহত হন। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে তুহিনের সমর্থকরা মটরসাইকেল নিয়ে বেরিয়ে বিভিন্ন স্থানে হাসুর সমর্থকদের উপর হামলা চালায়।

আহত শহীদের বোন শাহিনুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই বাসা থেকে বের হওয়ার পর মনসুরাবাদ ৭ নম্বর রোডে কয়েকজন তার উপর হামলা চালায়।

“হামলাকারীরা তার মাথা ও মুখে কোপ দেয় এবং ডানপায়ের রাগ কেটে দেয়। নির্বাচনে হাসুর পক্ষে কাজ কয়ায় তার উপর এই হামলা হয়।”

একই স্থানে হাসুর সমর্থক সায়মানকেও কুপিয়ে আহত করা হয় বলে সাইফুল নামে স্থানীয় একজন জানিয়েছেন।

এছাড়া আদাবর ১০ নম্বর রোডে এবং ‘সুনিবিড় হাউজিং’ এলাকায় তুহিনের সমর্থকদের হামলায় আরো কয়েকজন আহত হন বলে কমিশনার হাসু জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুহিন পরাজিত হওয়ার পর থেকেই এলাকায় আমার কর্মীদের ভয়ভীতি, হুমকি ও মারধর করছে। অনেকেই তার ভয়ে এলাকা ছাড়া।”

স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তির প্রশ্রয়ে তুহিন এসব করছে বলে অভিযোগ করেন নবনির্বাচিত এই কাউন্সিলর।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে হারার পর থেকে আমার সমর্থকদের মারধর, বাড়ি ভাংচুর এবং এলাকা ছাড়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে হাসুর লোকজন।

“মঙ্গলবারও আমার সমর্থক মিঠুকে মারধর করা হয়। একই সাথে ‘প্রমিনেন্ট হাউজিং’এ পাপ্পুর বাসায় হামলা চালানো হয়। মনসুরাবাদ ৭ নম্বর সড়কে আমার সমর্থক এক মহিলাকে লাঞ্ছিত করে হাসুর লোকজন।”