২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসের পেছন থেকে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 11:19 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাত্রাবাসের পেছনের নালা থেকে চকবাজার থানা পুলিশ মো. আকরাম (২৬)  নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। তার বাড়ি নরসিংদীতে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, “ওই শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন আসার পর জানা যাবে, কী কারণে তার মৃত্যু হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা আনোয়ার।

আকরাম চতুর্থ বর্ষের শিক্ষার্থী হলেও তার ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ইন্টার্নি করছে বলে পুলিশ জানিয়েছে।

আকরাম চমেক শাখা ছাত্রলীগের গত কমিটির সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন বর্তমান কমিটির সভাপতি নাছির উদ্দিন পাটোয়ারী শুভ।

তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরে ছয় মাসের মধ্যে বাবা-মা মারা যাওয়ার পর আকরাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

মঙ্গলবার দুপুরেও আনোয়ারকে ছাত্রাবাসের ছাদে দেখা গিয়েছিল বলে অন্যান্য শিক্ষার্থীরা জানিয়েছেন।