২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহাজারি-রামু-গুনদুম রেলপথ: অর্থের উৎস ঠিক হয়নি এখনো

চট্টগ্রামের দোহাজারি থেকে রামু হয়ে গুনদুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের অর্থায়নের উৎস এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 09:26 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার পূর্ব রেলের সদর দপ্তরে (সিআরবি) রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, “দোহাজারী-রামু-গুমদুম রেলপথ নির্মাণ প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। প্রকল্পটির অর্থায়নের উৎস এখনো ঠিক হয়নি। আশা করছি এডিবি অথবা চীন দুটোর যে কোনো একটি থেকে আমরা অর্থায়ন নিশ্চিত করতে পারব।

“এ প্রকল্পটি প্রধানমন্ত্রীর নজরে আছে। এটির বাস্তবায়নে খুব শিগগির কাজ শুরু হবে।”

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার ও রামু হয়ে মায়ানমার সীমান্ত সংলগ্ন গুনদুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় ২০১০ সালের ‍জুলাই মাসে।

রেলমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইন হয়ে গেছে। শিগগির লাকসাম থেকে আখাউড়া ডাবল লাইন নির্মাণে টেন্ডার ডাকা হবে। ডাবল লাইন হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলের সংখ্যা বেড়ে যাবে। 

ঘনঘন ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এক্সিডেন্ট ইজ এক্সিডেন্ট। এতে তো কারো হাত নেই।

“চিনকি আস্তানা থেকে আশুগঞ্জ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত রেললাইন অতি দ্রুত মেরামত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স অটোমোবাইলকে অনুরোধ করেছি। উনারা অতি সত্ত্বর এই রেলপথ সংস্কার করবেন। এ রেলপথটি সংস্কার করা হলে দুর্ঘটনা কমে আসবে।”

এছাড়া বগি সংকট কাটাতে ভারত ও ইন্দোনেশিয়া থেকে আগামী ছয়মাসের মধ্যে ২৭০টি বগি পর্যায়ক্রমে রেলের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) ভিত্তিতে ভারতীয় অর্থায়নে ভারত থেকে ১২০ টি ও এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে ১৫০টি বগি রেলের সাথে যুক্ত হলে বিভিন্ন বিদ্যমান বগি সংকট কেটে যাবে।

“এসব বগি তৈরির কাজ শুরু হয়ে গেছে। এখন শুধু আসার অপেক্ষা। বিভিন্ন ধাপে পর্যায়ক্রমে এগুলো আমাদের হাতে আসবে। আগামী ছয়মাসের মধ্যে কয়েকটি চালান পাব।”

পুরনো রেলপথ সংস্কার, নতুন রেলপথ নির্মাণ, ইয়ার্ড রিমডেলিং, সিগন্যালিং ব্যবস্থার উন্নয়ন ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে রেলে বর্তমানে ৪৬টি প্রকল্প চালু রয়েছে বলেও জানান তিনি।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন, মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ও পূর্ব রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক।