‘অন্দরের গলদেই দুর্নীতি’
সরকারি প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি হচ্ছে বলে মনে করে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সিএন্ডএজি কার্যালয়ের নিরীক্ষা কার্যক্রম’ বিষয়ক প্রবন্ধে এই মত প্রকাশ করেন ডেপুটি সিএজি শ্যামল কান্তি চৌধুরী।
প্রতিষ্ঠানটির রাজধানীর কাকরাইল কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিঅ্যান্ডএজি মাসুদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবিধানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান হিসেবে ১৯৭৩ সালের ১১ মে সিএজি কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
এই প্রতিষ্ঠানটি সরকারের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীনস্থ অধিদপ্তর বা পরিদপ্তর ও মাঠ পর্যায়ের কার্যালয়, সব স্থানীয় কর্তৃপক্ষ, ন্যূনতম ৫০ ভাগ সরকারি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে থাকে। সবমিলিয়ে ২২ হাজার ৪৩১টি অডিট ইউনিট সিএজির আওতাভুক্ত।
বিদেশে অবস্থিত বাংলাদেশের ৬৯টি দূতাবাস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২৫টি শাখা এবং বাংলাদেশ বিমানের ১৭টি বৈদেশিক শাখা অডিট করাও এ কার্যালয়ের কাজ।
এছাড়া প্রায় ১২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা নির্ধারণ ও পরিশোধ, প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ঋণ ও অগ্রিমের হিসাব, অবসরপ্রাপ্তদের পেনশনসহ অন্যান্য কার্যক্রম সিঅ্যান্ডএজির অধীনস্থ বিভিন্ন হিসাব রক্ষণ কার্যালয়ের মাধ্যমে হয়।
সংবাদ সম্মেলনে সিএজি কার্যালয়ের নিরীক্ষা কার্যক্রম, বেসামরিক হিসাব ব্যবস্থাপনা, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও বাংলাদেশ রেলওয়ের হিসাবের ওপর চারটি আলাদা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
শ্যামল চৌধুরী বলেন, “সরকারি অর্থের অপচয়, আত্মসাৎ বা জালিয়াতি, চুরি, বিধিবহির্ভূত পরিশোধ, সরকারি অর্থ আদায়ের ব্যর্থতা, আয়কর ও ভ্যাট আদায় না করা, আইন বা নির্বাহী আদেশ পরিপালন না করা, আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা না করার কারণে অডিট আপত্তিগুলো উত্থাপিত হয়।”
সিএজির সক্ষমতা বাড়াতে পাঁচটি অডিট ম্যানুয়াল প্রণয়ন, কর্মীদের দক্ষতা বাড়ানো, মানব সম্পদ নীতি প্রণয়নসহ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে।
সিঅ্যান্ডএজি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১২০৭টি অডিট রিপোর্ট প্রণয়ন করেছে। এর মধ্যে ৬৫টি রিপোর্ট জাতীয় সংসদে আলোচনার অপেক্ষায় রয়েছে বলে শ্যামল চৌধুরী জানান।
গত কয়েক বছরে নিরীক্ষার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ সমন্বয় বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২০০৯-১০ অর্থবছরে ৫ হাজার ৪৯৩ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ৫ হাজার ৬৯৫ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ৭ হাজার ১৪৩ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১২ হাজার ৫৯৭ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ৭ হাজার ৮৮০ কোটি টাকা অডিটের মাধ্যমে আদায় বা সমন্বয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
সিঅ্যান্ডএজি মাসুদ আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ‘অডিট দিবস’ পালিত হয়। বাংলাদেশেও এই দিবসটি পালিত হওয়া উচিত।
প্রতিরক্ষা অধিদপ্তরে নিয়োগে অনিয়ম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনিয়ম প্রসঙ্গে দেশের কোনো থানায় কোনো মামলা হয়নি, এমনকি অডিটর জেনারেলের অফিসে যে অভিযোগ বক্স আছে, সেখানেও কেউ কোনো অভিযোগ করেনি।”
