ঝড়ে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ
আকস্মিক ঝড়ের কবলে পড়ে ফেরির র্যাম বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দ্বীপজেলা ভোলার সঙ্গে লক্ষ্মীপুরের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল ১০টার পর থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান ইলিশা ফেরিঘাটের সহাকরী ব্যবস্থাপক সিহাব উদ্দিন।
টানা কয়েকদিন তীব্র দাবদাহের পর এদিন সকাল দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়। ঝড়ে পাবনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ইলিশা ফেরিঘাটের কর্মীরা জানান, সকালে তীব্র বাতাস ও ঢেউয়ের ধাক্কায় ইলিশা ফেরিঘাটের র্যাম বিচ্ছিন্ন হয়ে গেলে ওই রুটের কস্তুরি নামে একটি ফেরি ১৩টি যানবাহনসহ মেঘনার মোহনায় আটকা পড়ে।
এছাড়া মেঘনার উভয়পাশে পারাপারের জন্য অপেক্ষমাণ যানবাহনের তীব্র জটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, বিকাল নাগাদ অর্ধশতাধিক ট্রাক, বাস, পিকাপসহ বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী পরিবহন ঘাটে আটকা পড়ে। ইলিশা ঘাটে ৫০টি ও মজুচৌধুরীর ঘাটে অন্তত ১০০টি যানবাহন আটকা আছে।
ইলিশা ঘাটের সহাকরী ব্যবস্থাপক সিহাব জানান, র্যাম মেরামতের চেষ্টা করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে ফেরি চলাচল শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।
