ঝালকাঠীতে ৮ হুজির বিরুদ্ধে অভিযোগ গঠন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাত-উল জিহাদের (হুজির) আট সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের এক মামলায় অভিযোগ গঠন করেছে ঝালকাঠীর একটি আদালত।
জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান সোমবার এই অভিযোগ গঠন করেন।
অভিযুক্তরা হলেন নীলফামারীর আবুল বাসার মৃধা, আব্দুল আজিজ, গোপালগঞ্জের মুকসুদপুরের সিরাজুল ইসলাম, ঝালকাঠীর নলছিটির নাচনমহল গ্রামের মশিউর রহমান, মালুহার গ্রামের নূরুল ইসলাম, বাকি বিল্লাহ, হারদল গ্রামের সোহাগ হাওলাদার ও কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. জোবায়ের।
এছাড়া মিনহাজুল নামে এক আসামির বয়স কম হওয়ায় তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান সরকারি আইনজীবী আব্দুল মান্নান রসুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি কওমী মাদ্রাসায় প্রশিক্ষণরত অবস্থায় গ্রেনেড ও দেশি অস্ত্রসহ ২০১৩ সালে ১৪ অগাস্ট হুজির নয় সদস্যকে আটক করে জেলা পুলিশ।
তাদের কাছ থেকে একটি গ্রেনেড, চারটি বড় দা, বিপুল সংখ্যক জেহাদি বই, লিফলেট, ডায়েরি ও সাতটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
এরপর তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অস্ত্র ও ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ।
ইতিপূর্বে বিস্ফোরক ও অস্ত্র আইনের মামলায় এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল।
