২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন এক ছাত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ছিলেন। অভিযোগকারী ওই হলেরই শিক্ষার্থী।  

ইনস্টিটিউট প্রধানকে লিখিত অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনে নিরাপত্তাও চেয়েছেন ওই শিক্ষার্থী।

ইনস্টিটিউটের পরিচালক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”    

গত ২২ এপ্রিল গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক সমিতির সভাপতি ও শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবুল মনছুর ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।

আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকের ‘অনৈতিক’ প্রস্তাবের কথোপকথন তিনি রেকর্ড করেন এবং অভিযোগের প্রমাণ হিসেবে তা জমাও দিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানা ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমরা কোনো বৈঠকে বসতে পারিনি।”

মঙ্গলবার তারা অভিযোগকারী ছাত্রী ও শিক্ষকের সাথে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, “আসল ঘটনাটি কী, তা জেনে তদন্ত রিপোর্ট দেওয়া হবে।”  

শিক্ষক সাইদুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

“তদন্তের মাধ্যমেই কে দোষী বা কে নির্দোষ, তা বের হয়ে আসবে,” বলেন তিনি।