২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর সমালোচনাও ‘হাসিমুখে’ নেবেন নাছির

মেয়র হিসেবে দায়িত্ব পালনে কোনো ভুলের সমালোচনা হাসিমুখে নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:56 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

“যদি ভুল করি, নিঃসঙ্কোচে জানাবেন, কঠোর সমালোচনা করবেন, হাসিমুখে গ্রহণ করব। কোনো প্রশ্ন থাকলে সরাসরি করবেন, কিছু মনে করব না। তবে অনুরোধ, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো সমালোচনা করবেন না।”

সোমবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মহানগর আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ক্ষমতাসীন দলের নগর কমিটির সাধারণ সম্পাদক নাছির।

গত ২৮ এপ্রিল ভোটে বিজয়ী হওয়ার পর শপথ নিলেও বর্তমান সিটি করপোরেশনের মেয়াদ না ফুরোনোয় এখনও দায়িত্ব নেননি নাছির। 

অনুষ্ঠানে তিনি বলেন, “এখনও দায়িত্ব গ্রহণ করিনি। তবে প্রতিদিন কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ আছে। দূর থেকে যতটুকু নির্দেশ দেওয়া যায়, দিচ্ছি। সেভাবেই কাজ চলছে।”

২০১০ সালের ২৫ জুলাই বর্তমান সিটি করপোরেশনের প্রথম সভা হওয়ায় ২৫ জুলাই পর্যন্ত দায়িত্ব নিতে পারছেন না নাছির।

তিনি বলেন, “২৮ এপ্রিলের চট্টগ্রাম শহর আর আজকের শহরের মধ্যে পার্থক্য আছে। আপনারা দেখেছেন পরিচ্ছন্নতার অবস্থা কী। আরও পরিবর্তন থাকবে।”

সোমবারের সংবর্ধনা অনুষ্ঠান নগর আওয়ামী লীগের আয়োজনে হলেও তাতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রকৌশল ও স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা।

অনুষ্ঠানে সিসিসির কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করে নতুন মেয়র বলেন, “এখানে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের বাইরে কিছু করার সুযোগ নেই। এ বেতনে কেউ সন্তুষ্ট না হলে চলে যেতে পারেন।”

চট্টগ্রামের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও এখন মন্ত্রীর মর্যাদা দেওয়ার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে বলে জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

“এখনও চূড়ান্ত হয়নি। সে মর্যাদা ছাড়া করপোরেশন থেকে কোনো সুযোগ-সুবিধা নেব না।”

জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিলেও আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পুরো মুক্তি দেওয়া সম্ভব নয় বলে স্বীকার করেন নাছির।

“আমি দায়িত্ব নেব ২৫ জুলাই। এর মধ্যে বর্ষা চলে আসবে। চাই বা না চাই, বর্ষায় জলাবদ্ধতার শিকার হতে হবে। বিরোধীরা এটাকে পুঁজি করতে পারে। যদিও কোনো ভিত্তি নেই, তবু অপপ্রচার করতে পারে।”

বন্দর নগরীর খাল, নালাগুলো সংস্কার করে পাঁচ বছরেই জলাবদ্ধতা সমস্যা থেকে স্থায়ী মুক্তির আশ্বাস দেন নাছির।

করপোরেশনের কার্যক্রম পরিচালনায় উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

“কমিটি করার লক্ষ্যে কাজ শুরু করেছি। সাবেক মেয়ররা থাকবেন। বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করব।”

অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, “নির্বাচনের সময় উনার (নাছির) আশেপাশে অনেক লোক ছিল, এখনও আছে। তাদের বলছি, আস্তে আস্তে সরে যান। তাকে কাজ করতে দিন।

“তার সাথে প্রত্যেক দিন সকাল-দুপুর-রাত থাকতে হবে, এমন কোনো কথা নেই। এগুলো পছন্দ করি না।”

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, “আল্লাহ যেন তাকে অহঙ্কারী না করেন। তার আচরণে যেন কেউ কষ্ট না পায়।”

অনুষ্ঠানে নাছিরকে স্মৃতি সৌধের আদলে তৈরি ক্রেস্ট তুলে দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

দল সমর্থিত ৩০ জন পুরুষ ও নারী কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া।

পুরনো খবর:

নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স বাড়াবো না: নাছির