টাঙ্গাইলে চালভরতি ট্রাক খাদে, নিহত ২
টাঙ্গাইল সদরে চালভরতি একটি ট্রাক খাদে পড়ে দুই জন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন।
সোমবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন বগুড়া সদরের বাসিন্দা দিনমজুর মহিবুর রহমান (২৬)। নিহত আরেকজন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী চাউল ভরতি একটি ট্রাক দুর্ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়।
এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় বলে জানান সার্জেন্ট আসাদ।
