২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোলাই মদসহ গ্রেপ্তার, পুলিশ হেফাজতে মৃত্যু

চট্টগ্রামে চোলাই মদসহ আটকের পাঁচ দিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার সকাল ১১টার দিকে হাসপাতালে ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে মারা যান ইমাম হোসেন (৪৫)।

গত ৬ মে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রাম থেকে তাকে আটক করেছিল পুলিশ।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।"

এ বিষয়ে জানতে ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. সুজাত পালের সঙ্গে কথা বলতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

বোয়ালখালী থানার ওসি সামশুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ লিটার চোলাই মদসহ ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল।

“৭ মে আদালতে নেওয়ার পথে ইমাম অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।”

এর আগে মাদকের একটি মামলায় ছয় মাস সাজাও ভোগ করেছিল ইমাম। ওসি সামশুল হোসাইন বলেন, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা এখনও বিচারাধীন।