চলন্ত ট্রেন থেকে চার বগি উল্টোপথে: তদন্ত কমিটি গঠন
মৌলভীবাজারের কমলগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে চার কিলোমিটার পেছনে চলে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, সোমবার সকালে রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) আতাউর রহমানকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আলী আজম, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ট্রেন পরীক্ষক) এস কে দত্ত ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সিগন্যাল) কুলাউড়া, হুমায়ুন কবির।
আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জানান, রোববার সন্ধ্যার দিকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পেছনের চারটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনের ‘ভ্যাকুয়াম পাইপ’ ও ‘সংযোগকারী লক’ ছিঁড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার জানান।
ওই চারটি বগি পেছনের দিকে খাড়া ঢালু পথে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে শাপলাবাগ এলাকায় গিয়ে থামে।
এ সময় ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী কিছুটা আহত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ইঞ্জিনসহ ট্রেনটির সামনের অংশ ভানুগাছ স্টেশনে গিয়ে থামলে পেছনের চারটি বগি না থাকার বিষয়টি ধরা পড়ে।
এরপর বগি চারটি টেনে শ্রীমঙ্গলে স্টেশনে আনা হয় এবং বগিগুলোকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করে প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাত পৌনে ৯ টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে কুলাউড়ার রেল কর্মকর্তা আতাউর রহমান জানান।
