২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানের দাম নিয়ে কৃষকের ক্ষোভ প্রশমনের তাগিদ

বাজারে বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে প্রশমনের নিরসনে মন্ত্রিসভায় আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধানের দাম কম। এ নিয়ে কৃষকরা মনোক্ষুণ্ন।  কমিটি কৃষিমন্ত্রীকে বিষয়টি কেবিনেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার  জন্য বলেছে।”

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি মন ধান উৎপাদনে আটশ’ টাকার উপরে খরচ হলেও বাজারে এর দাম পাওয়া যাচ্ছে ৪৫০-৫০০ টাকা।

সরকারিভাবে সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় স্থানীয় ফড়িয়া ও মজুতদারদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।

এদিকে কমিটির বৈঠকে সরকারিভাবে গম ক্রয়ের সময়সীমা বৃদ্ধিসহ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রদান এবং কৃষকদের কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের (ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি) কারণে ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২০ হাজার ৩৪৮ হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫১৬ জন।

এদের মধ্যে সরকার ২ লাখ ১০ হাজার জন কৃষককে ৩০ কোটি ২১ লক্ষ টাকা প্রণোদনা দিয়েছে। 

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টিআর ও কাবিখার বিদ্যমান দর আছে বাজার দরের সঙ্গে সমন্বয় করা এবং ধান ও গমের উৎপাদনের বিষয়ে সঠিক তথ্য কমিটির পরবর্তী বৈঠকে উস্থাপনের সুপারিশ করা হয়।

মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, নজরুল ইসলাম বাবু, মামুনুর রশিদ কিরন, একেএম রেজাউল করিম তানসেন, নুরুল ইসলাম ওমর এবং উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।