ঢাকা দক্ষিণের তিন কেন্দ্রে সোমবার পুনঃভোট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোট হচ্ছে সোমবার।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে এসব কেন্দ্রে।
গত ২৮ এপ্রিল ভোটের সময় অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট বন্ধ করে নির্বাচন কমিশন।
তিনটি কেন্দ্র হচ্ছে- দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (দক্ষিণ কমলাপুর মূল ভবন, কেন্দ্র-১); ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ-মহিলা, কেন্দ্র-২, ‘৩য় ও ৪র্থ তলা) এবং ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (শ্যামপুর, ঢাকা ২য় তলা রুম নং ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩)।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, ভোট নিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। পুলিশের তিনটি মোবাইল টিম ও র্যাবের তিনটি মোবাইল টিম মাঠে থাকছে। কোনো রকম-অনিয়ম হলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।
পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ইসির তিনজন নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
এছাড়া স্থগিত কেন্দ্রগুলোতে অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তদন্ত কমিটি
ভোটের দিন তিন কেন্দ্রে সংঘটিত প্রকৃত ঘটনা উদঘাটনে ইসি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও শরিফুল ইসলামের সমন্বয়ে রোববার তদন্ত কমিটি গঠন করা হয়।
দায়ী ব্যক্তি ও কর্মকর্তাদের চিহ্নিত করা এবং প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তাদের ঘটনা সম্পর্কে বক্তব্য নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশসহ এক মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
