মা দিবসে ‘ছেলের’ হাতে খুন হলেন মা
কুড়িগ্রামের রাজারহাটে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদাকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় উপজেলার উমরমজিদ ইউনিয়নের ধনঞ্জয় গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে মাদাকাসক্ত রবিউল ইসলাম (২৫) পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মা ছকিনা বেওয়ার কাছে নেশার জন্য টাকা দাবি করেন রবিউল।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল কোদাল দিয়ে মায়ের মাথায় এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রবিউল দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই মোস্তাফিজার রহমান ও বোন মর্জিনা বেগম, বলেন ওসি।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও রোববার মা দিবস পালিত হয়েছে।
