আগামী বছরের শেষদিকে উত্তরায় ফ্ল্যাট হস্তান্তর: পূর্তমন্ত্রী
আগামী বছরের ডিসেম্বরে উত্তরার (তৃতীয় ফেইজে) ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন আবাসিক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট হস্তান্তর শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এই তথ্য জানিয়ে এসব ফ্ল্যাট নির্মাণের দায়িত্বে নিয়োজিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত বিভাগকে তাগিদ দিয়েছেন।
রোববার উত্তরায় ফ্ল্যাট নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করে পূর্তমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তৃতীয় ফেইজে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউকের নিজস্ব অর্থায়নে ২১৪ দশমিক ৪৪ একর জমির উপর ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
এই প্রকল্প এলাকায় প্রায় ৪৫ শতাংশ জায়গায় সবুজ বেস্টনী, স্কুল, খেলার মাঠ, লেক, মসজিদ, শপিংমল ছাড়াও বেজমেন্ট ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
১ হাজার ২৫০ বর্গফুট এবং ১ হাজার ৫০ বর্গফুট আয়তনের দুই ধরনের ফ্ল্যাট নির্মিত হচ্ছে উত্তরায়। এর মধ্যে রাজউক ৪০টি এবং গণপূর্ত বিভাগ ৩৯টি ভবন নির্মাণ করছে।
এগুলোর বেশ কয়েকটি ভবনের নয়তলা পর্যন্ত কাঠামো নির্মাণ শেষ হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এর বাইরে মালয়েশিয়া সরকার আরো ১০০টি ভবনে ৮ হাজার ৪০০টি ফ্ল্যাট নির্মাণ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পূর্তমন্ত্রী বলেন, তৃতীয় ফেইজে উত্তরায় ফ্ল্যাট নির্মাণে বিলম্ব দেখে যারা জমা দেওয়া অর্থ ফেরত নিয়েছেন তাদের পুনরায় টাকা জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
“অবশিষ্ট ফ্ল্যাটের জন্য জনসাধারণের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হবে।”
২০০০ সালে উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল আবাসিক এলাকায় প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণ প্রকল্প হাতে নিলেও কোনো ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ না হওয়ায় খেদ প্রকাশ করেন মোশাররফ।
“এটা অত্যন্ত দুঃখজনক।”
এসব ফ্ল্যাট নির্মাণ শেষ হলে বিপুল সংখ্যক মানুষের আবাসন ‘সমস্যার’ সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
সাংসদ নূরজাহান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, প্রধান স্থপতি নাসির উদ্দিন, রাজউকের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মন্ত্রীর সঙ্গে উত্তরায় ফ্ল্যাট নির্মাণ প্রকল্প পরিদর্শনে ছিলেন।
