ছিটমহলে ভারতীয় হাই কমিশনার
ছিটমহল বিনিময় সংক্রান্ত ভারতের সংবিধান সংশোধন বিল পাশের পর উৎফুল্ল মানুষদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার পঙ্কজ শরণ।
রোববার তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়া এবং ভুরুঙ্গামারী উপজেলার সাহেবগঞ্জ ছিটমহল পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, দুদেশের সরকারি পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।
ভারতের সংবিধান সংশোধন পরবর্তীতে বিলের খসড়ায় ত্রুটি ধরা পড়ায় তা সংশোধনে সোমবার পার্লামেন্টে বিলটি পুনরায় উত্থাপন করা হবে বলেও তিনি জানান।
এই চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে তা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট বাজারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ার ছড়া ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
ছিটমহলবাসীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর দুপুরে তিনি ভুরুঙ্গামারী উপজেলার সাহেবগঞ্জ ছিটমহল পরির্দশন করেন ও ছিটমহলবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন।
ছিটমহলবাসীদের মঙ্গলে ভারতের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি তাদের আশ্বস্ত করেন।
