চট্টগ্রামে ‘ছিনতাইকারী’ অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামের আকবরশাহ থানার পূর্ব ফিরোজ শাহ এলাকা থেকে ছিনতাইসহ তিন মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।
তিনি বলেন, আটক ইমরান হোসেন ওয়াসিমের (২৭) কাছ থেকে কার্তুজসহ একটি এলজি জব্দ করা হয়েছে।
ওয়াসিমের বিরুদ্ধে আকবর শাহ থানায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে তিনটি মামালা রয়েছে।
ওসি সদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় তিন ছিনতাইকারী অবস্থান করছে এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্য দুজন পালাতে পারলেও ওয়াসিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”
এদিকে চট্টগ্রামের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১৪২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতভর চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানিয়েছেন।
