টাঙ্গাইলে সহযোগীসহ ‘চরমপন্থি’ গ্রেপ্তার
টাঙ্গাইল সদরে চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সোমবার ভোরে হুগড়া ইউনিয়নের বেগুনটাল গ্রামে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. আফজাল হোসেন (৩২), তার তিন সহযোগী মো. আবুল হোসেন (৪৫), মো. আবদুর রহমান (৩২) ও মো. আবদুর রহিম (২৬)।
র্যাব কর্মকর্তা মহিউদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে প্রথমে আফজালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আফজাল র্যাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তাকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়।
পরে আফজালের দেওয়া তথ্য অনুযায়ী তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা ও অপহরণ মামলা রয়েছে।
এরা টাঙ্গাইল ও সিরাজগঞ্জের চরাঞ্চলে চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, অপহরণ, জমি দখল ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলেও র্যাব কর্মকর্তা জানান।
