নারায়ণগঞ্জে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, নগরীর ডন চেম্বার এলাকায় ‘সেলিনা মেমোরিয়াল হাসপাতালে’ রোববার ভোর ৩টায় সাজেদা বেগম (৫৫) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।
এরপর রোগীর স্বজনরা সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে এবং ক্লিনিকের ম্যানেজার চুন্ন শরীফ ও সহকারী ম্যানেজার লিটনকে মারধর করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে রোগীর স্বজনদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ক্লিনিকে গিয়ে হাসপাতালের দায়িত্বশীল কাউকে পায়নি। রোগীর স্বজনরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান এসআই হামিদুল।
মৃত গৃহবধূর মেয়ে পলি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ মাস তার মা জরায়ুর চিকিৎসার জন্য নগরীর খানপুরের এ হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসুতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলমের তত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
ওই চিকিৎসকের পরামর্শেই তার মাকে সেলিনা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়।
পলি বলেন, শনিবার বিকাল ৫টার দিকে তার অপারেশন করা হয়। রাত ১২টার দিকে সাজেদা বেগমের অস্থিরতা বেড়ে গেলে এবং ব্যথা উঠলে চিকিৎসকের খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।
চিকিৎসকের অবহেলার কারণে তার মার মৃত্যু হয়েছে বলে দাবি করেন পলি বেগম। এই ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীনুর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেহেতু ডা. জাহাঙ্গীর আলমের রোগী, তাই অপারেশন পরবর্তী সমস্ত দায়িত্ব তার। এখানে হাসপাতালের কোনো অপরাধ নেই।
ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসায় কোনো ভুল ছিল না। হৃদরোগ থাকায় রোগীর মৃত্যু হয়েছে।”
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এরকম ১০টি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
