নূর হোসেন বরখাস্ত
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন বন্যপ্রাণী আইনের এক মামলায় দণ্ড পাওয়ার সাত মাস পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে তাকে বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, “যেহেতু সিটি করপোরেশন কাউন্সিলর নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতে দণ্ডিত হলে স্থানীয় সরকার আইন অনুযায়ী অপসারণযোগ্য হন, সেহেতু স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ১৩ ধারা অনুযায়ী তাকে অপসারণ করা হল এবং আসন শূন্য ঘোষণা করা হল।”
শূন্য পদ পূরণে ৯০ দিনের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধও জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত বছরের ৩০ সেপ্টম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম।
২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে নারায়ণগঞ্জ পুলিশ।
ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।
সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন বর্তমানে ভারতের কলকাতার একটি কারাগারে আটক রয়েছেন। সাত খুনের মামলায় বিচারের মুখোমুখী করতে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথা সরকার বললেও তাতে কোনো অগ্রগতি নেই।
