২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন মানবপাচারকারী নিহত

কক্সবাজারের উখিয়ায় আরেক সন্দেহভাজন মানবপাচারকারী গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 11:03 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ায় সমুদ্র সৈকতের ঝাউবাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। 

নিহত মো. জাফর আলম ওরফে জাফর মাঝি (৩৮) ওই এলাকারই বাসিন্দা। তার বাবার নাম জহির আহমেদ।

দেওয়ান আবুল হোসেন জানান, মানবপাচারকারী চক্রের সদস্যদের জড়ো হওয়ার খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়।

“তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছু সময় গোলাগুলি চলার পর অন্যরা পালিয়ে গেলে জাফরকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

কক্সবাজার সদর হাসপাতালে আনার পর সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে গোয়েন্দা পুলিশের ওসি জানান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করেছে।

গোলাগুলির সময় মো. সোহেল নামে এক পুলিশ কনস্টেবল এবং মনির উদ্দিন নামে এক আনসার সদস্যও আহত হয়েছেন। তাদর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি দেওয়ান আবুল জানান, জাফর মাঝির বিরুদ্ধে মানবপাচার আইনে চারটি মামলা রয়েছে।

“দীর্ঘদিন ধরে সে সোনাপাড়া উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত।”

এর আগে গত শুক্রবার ভোরে টেকনাফ সমুদ্র সৈকতের ২০ হ্যাচারি এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন, যারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ও মামলার আসামি বলে পুলিশের দাবি।

সম্প্রতি মালয়েশিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের সংখলা প্রদেশে পাহাড়ি জঙ্গলে বন্দি শিবিরের খোঁজ পায় পুলিশ। গত ১ মে এক শিবিরে একটি গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এই বন্দিশিবিরে পাচার বা অপহরণের শিকার হওয়া পাঁচ শতাধিক অভিবাসীকে মেরে ফেলা হয়ে থাকতে পারে বলে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এসব বন্দির অধিকাংশ মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি বলেও এসব প্রতিবেদনে বলা হয়।

ওই খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গত মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ডে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুরনো খবর:

থাইল্যান্ডের জঙ্গল থেকে ১১৭ জনকে উদ্ধার
‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত
সমুদ্রপথে মানব পাচার বাড়ায় উদ্বিগ্ন জাতিসংঘ