২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গে এক নেতাকে বহিষ্কার করল ছাত্রলীগ

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 02:34 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

বহিষ্কৃত রাজেশ চন্দ্র সিংহ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।

শনিবার দুপুরে ছাত্রলীগের দপ্তর থেকে পাঠানো এক সংভাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক রাজেশ চন্দ্র সিংহকে সংগঠন থেকে বহিষ্কার করা হল।”

এ বিষয়ে রাজেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাকে বহিষ্কারের কারণ জানতে চেয়েছিলেন তিনি।

“তারা বলেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সম্মেলন নিয়ে শনিবার একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে আমার যে বক্তব্য এসেছে সেজন্য আমাকে বহিষ্কার করা হয়েছে।”

ওই প্রতিবেদনে বলা হয়, “ছাত্রলীগের বর্তমান কমিটির যগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত এক এগারোতে নেত্রী মুক্তির আন্দোলনের একজন সৈনিক। তিনি দলের প্রয়োজনে একাধিকবার মামলা ও হামলার শিকার হন। তার বয়স পার হয়ে যাচ্ছে এ বছর জুনে।

“তাই তিনি যেন সম্মেলন করতে না পারেন সেজন্য দীর্ঘদিন ধরে টালবাহনা করা হচ্ছিল। এরই চূড়ান্ত রূপ হিসেবে ২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।”

পত্রিকায় প্রকাশিত বক্তব্য তার কি না তা যাচাই না করে এবং কারণ দর্শানোর সুযোগ না দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন রাজেশ।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, “গুরুতর অপরাধের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। অপরাধের ধরন বললে সংগঠনের বেশি ক্ষতি হবে।”