সাংসদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
নরসিংদীর শিবপুরে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিয়ের দাওয়াতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার বাজনাব এলাকায় আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
নিহত ফজলু মিয়া (৬০) শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা।
শিবপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে সাংসদের মেয়ের বিবাহত্তোর সংবর্ধনার অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ফজলু্ মারা যান।
নারী ও শিশুসহ আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, মেয়ের বিবাহত্তোর অনুষ্ঠানে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষকে দাওয়াত দেন সিরাজুল ইসলাম মোল্লা। এজন্য উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়।
দুপুরের দিকে প্রায় ১০ হাজারের বেশি আমন্ত্রিত অতিথি ওই স্কুল মাঠে উপস্থিত হলে ভিড়ের চাপে এ হতাহতের ঘটনা ঘটে।
মৃত্যুর খবর অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়লে আমন্ত্রিতদের অনেকে না খেয়েই চলে যায় বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
