২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই হত্যাকাণ্ড: তদন্ত করবে গোয়েন্দা পুলিশ

চট্টগ্রামে ব্যাংকে নৈশ প্রহরী এবং বাসায় ঢুকে মা-মেয়েকে খুনের ঘটনা তদন্তের ভার পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শনিবার নগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিএমপি কমিশনার আব্দুল জলিল মন্ডল এ নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অরিক্তি উপ-কমিশনার (গোয়েন্দা) তানভীর আরাফাত।

গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখা কার্যালয়ে ঢুকে গলা কেটে হত্যা করা হয় ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমকে।

বৃহস্পতিবার ঘটনা ঘটলেও শুক্রবার রাতে পুলিশ জানতে পারে বিষয়টি।

এছাড়া নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে আল ইসলাম নামে ছয়তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে খুন হয় স্থানীয় মাংস বিক্রেতা শাহ আলমের স্ত্রী নাসিমা বেগম (২৮) এবং তাদের ১০ বছর বয়সী মেয়ে রিয়া আক্তার ফাল্গুনী।

দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচলাইশ ও সদরঘাট থানায় পৃথক মামলা করেছে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী নেওয়াজ ও নিহত নাসিমা বেগমের স্বামী শাহ আলম।

তানভীর আরাফাত বলেন, মামলা দুটি তদন্ত করতে দুটি টিম গঠন করা হয়েছে। ব্যাংকে নৈশ প্রহরী খুনের ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহেদ হোসেন ও জোড়া খুনের ঘটনায় পরিদর্শক আব্দুর রউফের নেতৃত্বে সদস্যরা কাজ করবেন।

তিনি বলেন, “ব্যাংকের নৈশ প্রহরী খুনের বিষয়ে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি হত্যাকারীরা ডাকাতি করতে ব্যাংকে প্রবেশ করেনি।”

নৈশ প্রহরীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্ধ ও চুরির উদ্দেশ্যে হত্যাকারীরা ব্যাংকে প্রবেশ করেছিল বলেও ধারণা গোয়েন্দা কর্মকর্তা তানভীর আরাফাতের।

এই বিষয় দুটিকে মাথায় রেখে পুলিশ কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

তানভীর আরাফাত বলেন, “ব্যাংকের সিসিটিভির ফুটেজে এই হত্যাকাণ্ডে মুখোশধারী তিনজনকে অংশ নিতে দেখা গেছে। তাদের কাছে ছুরি বটি ও লোহার রড ছাড়া অন্য কোন ধরনের অস্ত্র ও যন্ত্রপাতিও ছিল না। প্রথমে তারা নৈশ প্রহরীকে খুন করে তার কাছে পাওয়া চাবি দিয়ে ভল্ট খোলার চেষ্টা করে।”

“তারা ‘প্রফেশনাল’ ডাকাত হলে গ্যাস কাটারসহ আরও বেশি যন্ত্রপাতি নিয়ে ব্যাংকে প্রবেশ করত। তাদের সাথে থাকা দা ব্যাংকের কিচেন রুম থেকে নেওয়া হয়েছে।”

তবে জোড়া খুনের ঘটনায় শনিবার পর্যন্ত পুলিশ কোন ধরনের কারণ খুঁজে পাইনি বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

পুরনো খবর:

চট্টগ্রামে ব্যাংক প্রহরী খুনের ঘটনায় মামলা
চট্টগ্রামের জোড়া খুনের তদন্তে অগ্রগতি নেই