চট্টগ্রামে ব্যাংক প্রহরী খুনের ঘটনায় মামলা
চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় একটি মামলা হয়েছে।
শনিবার ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আলী নেওয়াজ বাদী হয়ে মামলাটি করেন। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নগরীর পাঁচলাইশ থানায় করা ওই মামলায় অজ্ঞাতনামা তিন-চার জনকে আসামি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তানভীর আরাফাত আগে বলেছিলেন, মুখোশপরা তিনজনকে ব্যাংকে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করতে দেখা গেছে ভিডিও ফুটেজে। তারাই নিরাপত্তাকর্মীকে খুন করে বলে পুলিশের ধারণা।
ব্যাংক ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের গ্রিল কেটে ডাকাতির জন্য ওই তিন জন ব্যাংকে ঢুকেছিল বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার মুরাদপুর মোড়ে ছয়তলা ভবন হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা থেকে নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমের (৩৮) লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ইব্রাহিমকে গলা কেটে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
শুক্রবার ইব্রাহিমের স্ত্রী তার মোবাইল ফোন বন্ধ পেয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক সালামত উল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ অনুসন্ধান চালিয়ে ইব্রাহিমের লাশ পান।
