২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় চালক হত্যা করে রিকশা ছিনতাই, আটক ১

নারায়ণগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক রিকশাচালককে জবাই করে হত্যার পর তার রিকশা ছিনিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 11:24 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার শরফুদ্দিন জানান, শুক্রবার ভোরে ফতুল্লার পঞ্চবটি এলাকার দক্ষিণ ধর্মগঞ্জ এলাকায় ওই ঘটনার পর হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

অজ্ঞাত পরিচয় ওই রিকশা চালকের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শরফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিকশা চালককে হত্যা করে পালানোর সময় গায়ে রক্ত দেখে রবিউল ইসলাম মুন্নাকে (৩০) আটক করে স্থানীয়রা। তবে মুন্নার অপর সহযোগী ছিনিয়ে নেওয়া রিকশাটি নিয়ে পালিয়ে যায়।”

তদন্তের স্বার্থে পালিয়ে যাওয়া ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

মুন্নার উদ্ধৃতি দিয়ে শরফুদ্দিন বলেন, শুক্রবার ভোরে ফতুল্লার পঞ্চবটি থেকে ধর্মগঞ্জ যাওয়ার জন্য মুন্না তার সহযোগীকে নিয়ে ওই রিকশাটি ভাড়া করে। দক্ষিণ ধর্মগঞ্জ এলাকায় পৌঁছালে চালককে মারধর করে তারা রিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক বাধা দিলে তারা দুজন ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে।

পালানোর সময় স্থানীয় এক নিরাপত্তাকর্মী মুন্নার গায়ের রক্ত দেখে স্থানীয়দের সঙ্গে নিয়ে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে দেয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “আটককৃত মুন্না পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার বলেছে জানিয়েছে, রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা চালককে জবাই করে হত্যা করেছে।”

নিহতের পরিচয় সনাক্ত এবং লুণ্ঠিত রিকশাসহ অপর ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।