সাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি ট্রলারে জলদস্যুদের ছোড়া গুলিতে এক জেলে নিহত হয়েছেন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গুলিরধার নামক পয়েন্টে মাছ ধরার ট্রলার এফবি আমির হামজাকে ধাওয়া দিয়ে গুলি ছোড়ে দস্যুরা।
নিহত নুরুল ইসলাম (৫০) মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর আহম্মদিয়াকাটা এলাকার নুর আহমদের ছেলে।
ট্রলারের জেলেদের বরাত দিয়ে দিদারুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলদস্যুরা ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটকাতে না পেরে গুলি ছুড়লে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত নুরুলের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
দিদারুল বলেন, নুরুলের গ্রামেরই বাসিন্দা আলী চাঁদের ছেলে আমির হামজা ওই ট্রলারের মালিক।
“ট্রলারটিতে আরো ২৩জন মাঝি-মাল্লা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাকিদের থানায় আনা হয়েছে।”
