২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে আশ্রয় নিয়ে শিশু অপহরণ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি বাড়িতে আশ্রয় নিয়ে তাদের শিশুকে অপহরণ করেছে এক যুবক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

অপহৃত আরিফ উদ্দিন (১২) জৈন্তাপুরের হরিপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের ফইজ উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে শিশুটিকে অপহরণ করা হয়েছে উল্লেখ করে দুপুরে তার মা কলিমা বেগম জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে শাকিল আহমদ (২৬) নামের এক যুবক ফইজ উদ্দিনের বাড়ি গিয়ে বিপদে পড়েছে জানিয়ে একটি রাত তাদের বাড়িতে থাকতে চায়।

মানবিক দিক বিবেচনা করে তাকে রাতে থাকার সুযোগ দেওয়া হয়।

শাকিল নিজেকে নোয়াখালি জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয়।

শুক্রবার সকালে সবার অগোচরে শাকিল ফইজ উদ্দিনের ছেলে আরিফকে অপহরণ করে পালিয়ে যায়।

সকাল ১১টার দিকে ফোন করে অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগে উল্লেখ করেন কলিমা বেগম।

এ ব্যাপারে জৈন্তাপর থানার ওসি গোলক চন্দ্র বসাক জানান, শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টায় কাজ শুরু করেছে।