‘আন্তর্জাতিক বাংলা উৎসব' আয়োজকদের নেতৃত্বে রোকেয়া হায়দার
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে চেয়ারম্যান এবং নিউ ইয়র্কে মুক্তধারার প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহাকে সদস্যসচিব করে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’র জন্য ১৭ সদস্যের কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে।
দুই বছর মেয়াদি এই কার্যকরী পর্ষদের নেতৃত্বে চলতি ও আগামী বছর নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’ অনুষ্ঠিত হবে।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন উপন্যাসিক দিলারা হাশেম, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দীন হোসেন ও ড. নূরন নবী।
প্রখ্যাত সমাজকর্মী ডা. জিয়াউদ্দিন আহমেদ, সাংবাদিক হাসান ফেরদৌস ও নিনি ওয়াহেদ কো-চেয়ারম্যান এবং কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন তানভীর রাব্বানী।
কমিটির অন্য সদস্যরা হলেন- সউদ চৌধুরী, ফেরদৌস সাজেদীন, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, সুভরি রায়, সাখাওয়াৎ আলী, আদনান সৈয়দ, ইউসুফ রেজা, হারুন আলী, মুরাদ আকাশ ও সেমন্তী ওয়াহেদ।
এ বছর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে ২২ মে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ এই উৎসবের উদ্বোধন করবেন। বাংলাদেশ ও ভারতের প্রায় ১৫টি প্রকাশনা সংস্থার মেলায় অংশ নেওয়ার কথা রয়েছে।
