লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
লক্ষ্মীপুর সদর উপজেলায় গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছেন, যাকে আগের দিন বিকেলে আটক করা হয়েছিল বলে পরিবারের দাবি।
গুলিবিদ্ধ কামাল উদ্দিনের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।
চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য গুলজার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামাল স্থানীয় যুবলীগের কর্মী। তার বাড়ি পূর্ব চরশাহী মৃধাবাড়ী এলাকায়।
লক্ষ্মীপুর জেলা পুলিশের এএসপি (সদরদপ্তর) জুনায়েদ কাওসার জানান, বৃহস্পতিবার গভীর রাতে চরশাহীর মিয়ার বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। কামালের কাছ থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
পায়ে গুলিবিদ্ধ কামালকে রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালের দিকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এএসপি জুনায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযানে গেলে কামাল বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে কামালকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।”
এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ ব্যারাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জুনায়েদ।
এদিকে কামালের বাবা আবদুল মান্নানের অভিযোগ, তার ছেলেকে আগের দিন বৃহস্পতিবার বিকেলে পুলিশ আটক করে নিয়ে যায়।
এরপর পুলিশ রাতে কামালকে ‘গুলি করে’ বন্দুকযুদ্ধের ‘নাটক করেছে’ বলে অভিযোগ করেন তিনি।
