ঝালকাঠীতে পুলিশ মারধর, আসামি ছিনতাই
ঝালকাঠীর রাজাপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করেছে স্থানীয় একদল যুবক।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া অপু মৃধা স্থানীয় এক ছাত্রলীগ নেতা হত্যা প্রচেষ্টার অভিযোগে করা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠী পুলিশ সুপার মজিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে অপু মৃধাকে সাতআনি ব্রীজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
থানায় নিয়ে আসার সময় বাইপাস মোড় এলাকায় একদল যুবক পুলিশকে মারধর করে তাকে ছিনিয়ে নেয়।
ছিনতাইকৃত আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মজিদ আলী।
