ছাত্রলীগের সম্মেলনের ঘোষণা আসছে: সোহাগ
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ২৮তম সম্মেলনের ঘোষণা আসছে শুক্রবার।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর পেরোনোর আরো দুই বছর পর সম্মেলনের আয়োজন করছে সংগঠনটি, যার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে।
ছাত্রলীগ সভাপতি সোহাগ বলেন, “আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৮তম সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।”
এরআগে বিকালে ছাত্রলীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আগামী দিনের করণীয় প্রসঙ্গে বেলা ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
২০১১ সালের ১০ জুলাই ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের মধ্য দিয়ে বদিউজ্জামান সোহাগ সংগঠনের সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
