নভেরার স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে ‘গড’স গিফট’
অন্তরালে থেকে চিরপ্রস্থানে যাওয়া ভাস্কর নভেরা আহমেদের যৌবনের স্মৃতি নিয়ে বন্দর নগরীতে এখনো দাঁড়িয়ে আছে ‘গড’স গিফট’ নামের বাড়িটি।
নগরীর আসকার দিঘীর উত্তরপাড়ে সেই একতলা বাড়ি পরে দোতলা হয়েছে। তবে এখনও নাম পাল্টায়নি।
নভেরা আহমেদের চট্টগ্রামবাসের সময়ে যাদের সঙ্গে যোগাযোগ ছিল তাদের পরবর্তী প্রজন্ম এই শিল্পীর স্মৃতি নিয়ে এখনো গর্ব করেন।
‘গড’স গিফট’ বাড়িটিতে প্রায় দুই বছর ছিল নভেরার পরিবার। তবে এই অল্প সময়ে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে।
আসকার দিঘীর উত্তর পাড়ে ৭৩, এস এস খালেদ সড়কের ওই বাড়ির বর্তমান মালিক এহসানুর রহমান চৌধুরী। তার বাবা আহমদুর রহমান চৌধুরী বাড়িটি কিনেছিলেন এক ইংরেজের কাজ থেকে।
এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ইংরেজ ভদ্রলোক প্রাইজবন্ডের লটারিতে কিছু টাকা পান। তাই একতলার দুই কামরার বাড়িটি নির্মাণ করে নাম দেন ‘গড’স গিফট’।
“আব্বার কাছে শুনেছি এ বাড়িতে নভেরা আহমেদের পরিবার ভাড়া থাকতেন। তারা চলে যাওয়ার পর আরও কয়েকটি পরিবার এ বাড়িতে ভাড়া ছিলেন। পরে আব্বা বাড়িটি কিনে নেন।”
একতলা সেই বাড়ি কলেবরে বেড়ে দুই তলা হয়েছে। তবে নাম এখনও ‘গড’স গিফট’ ।
মেহবুব আহমেদ ও শিল্পী হাশেম খান দুটি পৃথক লেখায় বলেছেন, নভেরার জন্ম ১৯৩০ সালে। তার পৈত্রিক নিবাস চট্টগ্রামের বাঁশখালীতে।
হাশেম খানের দেওয়া তথ্যমতে, নভেরার বাবা ছিলেন এক্সাইজ অফিসার। ১৯৪৭ সালে কুমিল্লায় বদলি হন তিনি। তার আগে কলকাতায় নভেরার শৈশব কাটে।
মেহবুব আহমেদ তার লেখায় বলেছেন, বাবা সাইদ আহমদের কর্মসূত্রে কলকাতায় বসবাসের সময় লরেটো থেকে নভেরা ম্যাট্রিকুলেশন করেন। সেই সঙ্গে নাচ শিখেছেন, গান গাইতেন এবং মাটি দিয়ে মডেলিং করতেন।
“পিতার অবসর গ্রহণের পর নভেরার পরিবার চট্টগ্রামে বসবাস শুরু করেন। ইতিমধ্যে নভেরার বিয়ে হয়েছিল এক পুলিশ কর্মকর্তার সঙ্গে। কিন্তু অল্পদিনের মধ্যেই সে বিয়ে ভেঙে যায়।”
হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘নভেরা’তেও এসব তথ্যের উল্লেখ আছে।
এতে বলা হয়, ১৯৫০-৫১ সালে নভেরার পরিবার চট্টগ্রামে থাকত।
ফেইসবুক থেকে নেয়া ছবি
“জন্মজয়ন্তী রাগে সঙ্গীত আয়োজন করা হয়। এর পরিচালনা করেন সেই সময়ের তরুণ লেখক ও সঙ্গীতজ্ঞ সুচরিত চৌধুরী।”
সুচরিতের ছেলে শৌভিক চৌধুরী বিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে থাকাকালে বাবার সাথে ভাস্কর নভেরা আহমেদের যোগাযোগ ছিল। বাবার আয়োজনে একটি অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করেছিলেন- একথা আমি বাবার কাছেই শুনেছি।”
হাসনাত আবদুল হাই ও মেহবুব আহমেদের লেখা অনুসারে, প্রথম বিয়ে ভাঙার পর পরিবার আবার বিয়েতে আগ্রহী থাকলেও নভেরা লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চারুকলার অধ্যাপক হাশেম খানের দেওয়া তথ্যমতে, ভাস্কর্য বিষয়ে পড়তে ১৯৫১ সালে লন্ডনে যান নভেরা। সেখানকার ক্যম্বারওয়েল আর্ট স্কুলে লেখাপড়া করেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের রিসার্চ ফেলো শিল্পী সবিহ উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নভেরার চট্টগ্রামে অবস্থানের সময়ে তিনি সেখানে ছিলেন না।
“১৯৬১-৬২ সালের দিকে লাহোরে তার সঙ্গে আমার দেখা হয়। বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের প্রধান প্রবক্তা ছিলেন নভেরা। তিনি হেনরি মুরের দ্বারা প্রভাবিত ছিলেন। তার শিল্পকর্ম এই উপমহাদেশে ভাস্কর্য শিল্পের একটি নতুন ধারা।”
সবিহ উল আলম বলেন, পঞ্চাশ-ষাটের দশকে চট্টগ্রামের একজন নারী এরকম শিল্প চর্চায় নিমগ্ন ছিলেন এটা অনেক বড় বিষয়।
চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার ছিলেন নভেরা আহমেদের আত্মীয়।
কায়সারের মেয়ে সাংসদ ওয়াসিকা আয়েশা খানম বলেন, “আমরা শুধু তার বিষয়ে শুনেছি। তাকে কখনো দেখিনি। বাবার সঙ্গে একটা সময় পর্যন্ত তার যোগাযোগ ছিল। তবে শেষ ১০-১৫ বছর নভেরা আহমেদের বিষয়ে আমরা কোনো খবরই পাইনি।”
অধ্যাপক হাশেম খানের দেওয়া তথ্য অনুযায়ী,১৯৫৯ কিংবা ৬০ সালে নভেরা পাকিস্তানের লাহোর চলে যান। লাহোরে কয়েক বছর থাকার পর তিনি যান ভারতের মুম্বাইয়ে। সেখান থেকে প্যারিসে গিয়ে আবার ফিরেছিলেন লাহোরে। তবে বেশি দিন সেখানে থাকেননি তিনি।
বিভিন্ন দেশ ঘুরে শেষে প্যারিসেই স্থায়ী হন নভেরা আহমেদ।প্যারিসের কাছে শথমেলে দ্বীপে নিজের বাড়িতে মঙ্গলবার রাতে ঘুমের মধ্যে মারা যান এই শিল্পী।
