চট্টগ্রামে পুলিশে হামলা-জুয়াড়ি ছিনতাই ঘটনায় আটক ৩১
হানা দিয়ে ‘পুলিশের হাতে আটক দুই জুয়াড়ি’ ছিনিয়ে নেওয়া ও পুলিশকে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে চট্টগ্রামের চন্দনাইশ থেকে ৩১ জনকে আটক করা হয়েছে।
চন্দনাইশ থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার হাশিমপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানায়নি পুলিশ।
সোমবার রাতে হাশিমপুর মৎস প্রজেক্ট এলাকায় জুয়া খেলার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের নিয়ে থানায় ফেরার পথে রাত ৯টার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
পরদিন এ ঘটনায় সরকারি কাজে বাধাদান ও হামলার অভিযোগে একটি মামলা করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা ও জুয়াড়ি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় জড়িত সন্দেহে এই ৩১ জনকে আটক করা হয়েছে। তবে তাদের মধ্যে নিরপরাধ কেউ থাকলে যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হবে।
