রংপুরে শিশু হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড
ছয় বছরের এক শিশুকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান এ রায় দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ২৩ জুলাই বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ মন্দিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুমানকে (৬) চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান একই এলাকার সামসুল আলমের স্ত্রী মাজেদা বেগম।
নিজের ঘরে আটকে রেখে সন্ধ্যার পর রুমানকে গলা টিপে হত্যা করেন মাজেদা।
পূর্ব শত্রুতার জেরে রুমানকে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেছেন মাজেদা।
এ ঘটনায় মাজেদাকে আসামি করে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা করেন রুমানের বাবা আব্দুল মান্নান। এরপর মাজেদাকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান পিপি ফারুখ।
