নারায়ণগঞ্জে সতিনকে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জ শহরে এক গৃহবধূকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বুধবার গভীর রাতের এ হত্যায় জড়িত অভিযোগে নিহতের সতিনকে আটক করেছে পুলিশ।
নিহত লুৎফা বেগম (২৮) শহরের ভূঁইয়াপাড়ার আব্দুল কাদিরের দ্বিতীয় স্ত্রী এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার আন্দারকোটা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর প্রতিবেশীরা আব্দুল কাদিরের প্রথম স্ত্রী আকলিমা বেগমকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়।
বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর থেকে কাদির পলাতক রয়েছেন বলে জানান ওসি আসাদুজ্জামান।
নিহতের ছোট বোন নাজমা বেগম বলেন, দুই বছর আগে কাদিরের সঙ্গে তার বোন লুৎফা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে শহরের বাবুরাইল তাঁতিপাড়া এলাকার একটি বাড়িতে বসবাস শুরু করেন তারা। তাদের ঘরে এক সন্তান রয়েছে।
কাদিরের প্রথম স্ত্রী আকলিমা শহরের ভূঁইয়াপাড়া এলাকায় আরেকটি বাড়িতে দুই সন্তান নিয়ে থাকেন। দ্বিতীয় বিয়ের পর থেকে কাদিরের দুই স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়।
এর জের ধরে আকলিমা কৌশলে বুধবার রাতে লুৎফার বাড়িতে এসে অবস্থান নেয় এবং গভীর রাতে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে তাকে হত্যা করে।
এ সময় লুৎফার গোঙানির শব্দে প্রতিবেশীরা এসে ঘরের ভেতর থেকে আকলিমাকে আটক করে বলে নাজমা জানান।
