ইয়াবা বিক্রি: স্ত্রীসহ ঢাবির হল কর্মচারীর দণ্ড
ইয়াবা বিক্রি ও সেবনে সহায়তার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক কর্মচারী ও তার স্ত্রীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দেলোয়ার ও তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে অনেকদিন ধরেই হলে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল।
রোববার রাত ৩টার দিকে এই দম্পতিকে ১১৬টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে হল কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় বলে শাহবাগ থানার পরির্দশক এ কে সাইদুল হক ভুঁইয়া জানান।
তিনি বলেন, “সকালে ভ্রাম্যমাণ আদালত দেলোয়ারকে একবছর এবং বিলকিসকে নয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “হলের কর্মচারী কোলোনির বাসায় ইয়াবা ব্যবসা চালানোর অভিযোগ ছিল আমাদের কাছে। রাতে তাদের হাতেনাতে ধরে শাহবাগ থানায় দেওয়া হয়।”
সোমবার দেলোয়ার হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান প্রক্টর।
