টাঙ্গাইলে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা
টাঙ্গাইল সদর উপজেলায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে ‘মুখোশধারী দুর্বৃত্তরা’।
নিহত ইদ্রিস আলী (৪৫) সদর উপজেলার বাঘিল ইউনিয়নের খোদ্দোযোগিনী গ্রামের ইনাম আলীর ছেলে।
টাঙ্গাইল থানার এসআই আশরাফুজ্জামান জানান, শনিবার গভীর রাতে খোদ্দোযোগিনী গ্রামে ইদ্রিসকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
“রোববার সকালে পাশের যোগিনী এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে স্থানীয়রা তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
নিহতের বাবা ইনাম আলী বলেন, “রাতে একদল মুখোশধারী লোক বাড়িতে ঢুকে ইদ্রিসকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”
এসআই আশরাফুজ্জামান জানান, ইদ্রিসের হাত-পা বাঁধা ছিল। তবে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
