গ্রেপ্তার যুবদল নেতাকে ‘বোমা ফাটিয়ে’ ছিনিয়ে নেওয়ার চেষ্টা
বগুড়া সদরে স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে বোমা ফাটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার ভোরে শহরতলীর ছোট কুমিড়া এলাকার এ ঘটনায় পুলিশের গুলিতে আহত হয়েছেন মাসুদ রানা নামে যুবদলের ওই নেতা।
বগুড়া জেলা পুলিশের এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, মাসুদ রানার ডান পায়ে গুলি লেগেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাসুদ শহর যুবদলের সভাপতি এবং ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার। তার বিরুদ্ধে ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ৩৪টি মামলা রয়েছে।
এএসপি জানান, পুলিশ ভোরের দিকে ছোট কুমিড়া এলাকায় মাসুদের স্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছে ২৩টি হাতবোমা ও একটি পাইপগান পাওয়া যায়।
“পরে থানায় নিয়ে আসার সময় মাসুদের সহযোগীরা হাতবোমা ফাটিয়ে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও এ সময় গুলি করে। এতে মাসুদের পায়ে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।”
