ফটিকছড়িতে বজ্রপাতে নারীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ইদিলপুর এলাকায় এ ঘটনায় আরও দুজন আহত এবং একটি গরু ও দুটি কুকুরও মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুজপুর থানার ওসি জাহিদুল কবীর বজ্রপাতে এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।
ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে বজ্রপাতে সাফা খাতুন (৫৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি ইদিলপুরের মোহাম্মদনগর চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
একই চা বাগানের শ্রমিক হাসিনা বেগম (২২) ও বাদশা মিয়া আহত হয়েছেন।
তাদের মধ্যে হাসিনাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাদশা মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি গরু ও দুটি কুকুর মারা গেছে বলেও উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন।
