২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দস্যুতার অভিযোগে চোখ উপড়ানোর চেষ্টা

বাগেরহাটের রামপালে দস্যুতার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে তার দুই চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 02:19 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শুকুর হাওলাদারকে (৩৮) পুলিশ পাহারায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারধরের পর গ্রামবাসী তার দুই চোখ খুঁচিয়েছিল বলে ওসি জানান।

শুকুর বারইপাড়া গ্রামের প্রয়াত দলিল উদ্দিন হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে রামপাল থানায় সুন্দরবনে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ওসি বলেন, সুন্দরবনের ‘বনদস্যু’ শুকুর বন থেকে বাড়ি ফিরেছে খবর পেয়ে গ্রামবাসী জড়ো হয়ে তাকে পিটুনি দেয়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তার দুই চোখ খুঁচিয়ে রক্তাক্ত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উৎপল দেবনাথ বলেন, দুই চোখ রক্তাক্ত অবস্থায় পুলিশ শুকুরকে হাসপাতালে এনে ভর্তি করে।

“তার দুই চোখ খুঁচিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। চোখ নষ্ট হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।”

পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, শুকুর সুন্দরবনে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ার পর থেকে বারইপাড়া গ্রামের মানুষ ক্ষুব্ধ ছিল। দস্যুতায় জড়িয়ে পড়ার পর থেকে খুব একটা এলাকায় আসতেন না তিনি।

রাতে গ্রামে ফেরার খবর পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।