২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলেন ভারতীয় মা

চট্টগ্রামে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ভারতীয় এক শিশুকে পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 02:11 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

শনিবার নগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে তার মার কাছে হস্তান্তর করা হয় শিশুটিকে। মো. জুয়েল নামে আট বছরের শিশুটি ত্রিপুরা রাজ্যের সোনামুড়া ভেজিমারার বাসিন্দা।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৪ এপ্রিল কোতোয়ালি থানা এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন জুয়েলকে থানায় নিয়ে যান।

এরপর থেকে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে তার পরিচয় ও ঠিকানা জানতে পুলিশ চেষ্টা চালায়।

পুলিশ কমর্কর্তা শহীদুর রহমান বলেন, “ভিকটিম সাপোর্ট সেন্টারে শিশুটিকে কাউন্সিলিং করে জানা যায় তার বাড়ি ভারতের সোনামুড়া এলাকায়। চট্টগ্রাম থেকে ভারতের সোনামুড়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে তার পরিবারের সন্ধান পাওয়া যায়।”

জুয়েলের মা শাহেনা খাতুন জানান, গত ২৩ এপ্রিল জুয়েল তার নানীর (শাহেনার মা) সঙ্গে কুমিল্লায় বেড়াতে এসেছিল তার ছেলে। সেখান থেকে তার ভাইপো ওমর ফারুকের সঙ্গে চট্টগ্রামে বেড়াতে এসেছিল।

ওমর ফারুক জানান, ২৩ এপ্রিল রাতে জুয়েল তার সঙ্গে তার শ্বশুড় বাড়িতে বেড়াতে আসে। পরদিন নির্বাচনী প্রচারণা মিছিল দেখতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

এসময় তারা জুয়েলকে খোঁজাখুঁজি করলেও বিষয়টি থানায় জানায়নি বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা শহীদুর বলেন, শিশুটিকে আপাতত তার মার কাছে দেয়া হলেও আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের পাঠানো হবে।

তারা কিভাবে ভারত থেকে বাংলাদেশে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।