ফেনীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ফেনীতে ট্রাক ও বাস চাপায় নারীসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া সড়কের কন্ট্রাক্টর মসজিদ এবং ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলে এ দুটি দুর্ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, ফেনী-ছাগলনাইয়া সড়কের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় ফেনী থেকে ছাগলানইয়াগামী একটি মোটরসাইকলেকে ধাক্কা দেয় ‘স্টার লাইন পরিবহনের’ একটি যাত্রীবাহী কোচ।
এতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনে সিনার মেডিকেল রিপ্রেজেনটিটিভ সাইফুল ইসলাম (৩৫) গুরুত্বর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন বিকালে তার মৃত্যু হয়।
সাইফুল ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের সুজাউল হকের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাটিয়েছে।
পুলিশ বাসটিকে আটক করেছে বলে জানান ওসি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, ভোরে মহাসড়কের লালপোল এলাকায় দ্রুতগতির কোনো যানবাহন এক অজ্ঞাত পরিচয় মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহৃ রয়েছে।
ময়নাতদন্ত শেষে লাশ আনজুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
