মাটি খুঁড়ে পাওয়া ‘ধাতব বস্তু’বিস্ফোরিত, আহত ৪
রাজধানীতে মাটি খুঁড়ে পাওয়া একটি ‘ধাতব বস্তু’ ভাঙতে গিয়ে বিস্ফোরণে এক শিশুসহ চারজন আহত হয়েছেন।
পুলিশের ধারণা, ধাতব বস্তুটি ছিল পুরনো একটি গ্রেনেড।
বানানী থানার ওসি ভূঁইয়া মাববুব হোসেন জানান, শুক্রবার মহাখালী সাততলা বস্তিতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বস্তির বাসিন্দা রুহুল আমিন (৩২), তার ছেলে সোহাগ (৭), শহীদুল (৪০) ও সাহেদ (৩৫)।
বস্তিবাসীর বরাত দিয়ে ওসি জানান, রুহুল আমিন একজন মাটি কাটা শ্রমিক। কয়েক দিন আগে তেজগাঁওয়ের শাহীনবাগে একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় তিনি ওই পিতলরঙা ওই ধাতব বস্তুটি পান।
“সেটি যে বিস্ফোরক ছিল তা বুঝতে না পেরে আজ দুপুরে তারা বস্তুটি ভাঙার চেষ্টা করে। ওই সময় বিস্ফোরণ ঘটলে আশপাশে থাকা চারজন আহত হন। পরে বস্তির লোকজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
ওসি বলেন, “বস্তুটি দেখতে পাকিস্তান আমলের পুরনো গ্রেনেডের মতো ছিল বলে আমরা জানতে পেরেছি। আহতদের সঙ্গে কথা বলা সম্ভব হলে বিস্তারিত জানা যাবে।”
আহত চারজনের অবস্থা ‘ভাল নয়’ বলে জানান ওসি মাহবুব।
