২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 02:10 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

এরা হলেন আবুল হোসেন (৫০) ও দুলাল হোসেন (২৬)।

শুক্রবার সকালে ও দুপুরে এ দুজনের মৃত্যু হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক।

তিনি সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে আবুল হোসেনকে এবং দুপুর ২টা ৪০ মিনিটে দুলাল হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চার দিন আগে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে তিন জনের মৃত্যু হলো। 

আরও কয়েকজনের সঙ্গে এ দুজনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

গত সোমবার ভোরে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ‘আগামী ওয়াশিং লিমিটেড’ নামের ওই নির্মাণাধীন কারখানায় বয়লার রুমের গ্যাসপাইপ লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে সেখানে ঘুমিয়ে থাকা পাঁচ শ্রমিক এবং তাদের রান্নার কাজে নিয়োজিত এক নারী দগ্ধ হন।

এদের মধ্যে কাজের বুয়া রেহেনা আক্তার গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দগ্ধ শ্রমিক ফজলুল হক (২৩), ইয়াসিন (৪৫), আব্দুল মালেক (৩০) ও  জাহিদুল ইসলাম (৩৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।